প্রিন্ট এর তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির রাজনীতিকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
মোহাম্মদ আলী সুমন ||
চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির রাজনীতিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এলাকার কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষ ভালো করেই জানে—হাসনাত আবদুল্লাহ নির্বাচিত হলে অন্তত চাঁদাবাজি করবে না। তাই প্রকাশ্যে অন্য দলের মিছিল-মিটিং করলেও ভোটের দিনে গোপনে তার পক্ষেই রায় দেবে জনগণ।শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।হাসনাত আবদুল্লাহ বলেন, আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনিয়ম-দুর্নীতি কখনো সম্ভব না। মানুষ সেটা জানে বলেই তারা আমার ওপর ভরসা রাখছে।তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজাদীর বাংলাদেশ প্রতিষ্ঠায় শাপলা কলিতে ভোট দিন। আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলব। আগ্রাসনবাদী ও আধিপত্যবাদী শক্তির অবসান ঘটিয়ে একটি সুন্দর, মানবিক বাংলাদেশ গড়ে তুলব—যেখানে থাকবে না মাদক, সন্ত্রাস, ঘুষ আর চাঁদাবাজি।তিনি আরও বলেন, গত দেড় বছরে এনসিপি ও জামায়াত জোটের কোনো নেতাকর্মী চাঁদা নিতে এলাকায় আসেনি। কেউ হাট-বাজার দখল করেনি, সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি চালায়নি। এবার রেমিট্যান্স যোদ্ধা, কলকারখানার শ্রমিক ও মেহনতি মানুষের মধ্য থেকেই নেতৃত্ব বেরিয়ে আসবে, বলেন তিনি।হাসনাত আবদুল্লাহ দাবি করেন, এবারের নির্বাচনে জনগণ ঋণখেলাপি, দুর্নীতিবাজ ও জনগণের অর্থ আত্মসাৎকারীদের প্রত্যাখ্যান করবে। পরিবর্তনের আকাঙ্ক্ষায় সাধারণ মানুষ এখন ঐক্যবদ্ধ।প্রচারণার দ্বিতীয় দিনে ভোর থেকেই তিনি নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে নামেন। দেবিদ্বার উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় শাপলা কলির পক্ষে স্লোগান দিয়ে প্রচারণা শুরু করেন তিনি।এ সময় কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম সহিদসহ জামায়াত-শিবির ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।নির্বাচনী মাঠে দুর্নীতিবিরোধী এই কঠোর অবস্থান কুমিল্লা-৪ আসনে ভোটের হিসাব-নিকাশে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত