প্রিন্ট এর তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬
হালুয়াঘাটে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, স্বেচ্ছাসেবক দল নেতার ছেলে গ্রেফতার
স্টাফ রিপোর্টার ||
ময়মনসিংহের হালুয়াঘাটে নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় কর্তব্যরত এক পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত যুবক মো. লিয়ন (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে হালুয়াঘাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার লিয়ন হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিনের ছেলে। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত।ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হালুয়াঘাট পৌর বাজারের শুঁটকি মহল রোড সংলগ্ন পাগলপাড়া ব্রিজ এলাকায় এএসআই নওয়াব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি নম্বরবিহীন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক লিয়ন পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।একপর্যায়ে তিনি নিজেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের ছেলে পরিচয় দিয়ে পুলিশ সদস্যদের হুমকি দেন এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।এর কিছুক্ষণ পর, পুলিশ সদস্যরা লিয়নের বাড়ির কাছাকাছি এলাকায় দায়িত্ব পালনকালে তিনি ধারালো রামদা নিয়ে অতর্কিত হামলা চালান। পেছন দিক থেকে কুপিয়ে গুরুতর আহত করেন কর্তব্যরত কনস্টেবল মো. ইজাউল হক ভূঁইয়াকে (এজাজ)। হামলায় তার পিঠে গভীর ক্ষতের সৃষ্টি হয়।আহত পুলিশ সদস্যকে দ্রুত উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়।এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,“মাদক ও বেকারত্বের কারণে যুব সমাজের মধ্যে অবক্ষয় বাড়ছে। তবে অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে আমি পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন বলেন,“হামলার ঘটনায় জড়িত লিয়নকে গ্রেফতার করা হয়েছে। তার বাবাকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। ঘটনাস্থল থেকে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।”ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত