প্রিন্ট এর তারিখ : ১৪ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন
মোহাম্মদ আলী সুমন ||
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় মোট ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ২৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে ১৪টি নতুন, ৬টি সংশোধিত এবং ৫টি মেয়াদ বৃদ্ধি প্রকল্প। রোববার সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত প্রকল্পগুলোর অর্থায়নের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, বিদেশি ও প্রকল্প ঋণ থেকে ৩২ হাজার ১৮ কোটি ৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা রয়েছে।সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকার সীমিতসংখ্যক নতুন প্রকল্প গ্রহণ করলেও জাতীয় অগ্রাধিকার বিবেচনায় কয়েকটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ব্যয় ২৫ হাজার কোটি টাকা বৃদ্ধি।তিনি বলেন, বাড়তি এই ব্যয় অবশিষ্ট স্থাপনা নির্মাণ ও কমিশনিং কার্যক্রম, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ, নিউক্লিয়ার নিরাপত্তা জোরদার এবং রুশ জনবলের আবাসন সম্প্রসারণে ব্যয় করা হবে।একনেক সভায় অবকাঠামো, স্বাস্থ্য, যোগাযোগ ও জ্বালানি খাতে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ, বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল নির্মাণ, পরিষ্কার বায়ু প্রকল্প এবং দোহাজারী-ঘুমধুম ডুয়েলগেজ রেললাইন নির্মাণ।এছাড়া চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে উন্নয়ন এবং দোহাজারী-ঘুমধুম রেলপথ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি অনুমোদন দেওয়া হয়।আজকের সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সর্বাধিক ছয়টি প্রকল্প অনুমোদন পেয়েছে, যা নদীভাঙন রোধ, ড্রেজিং ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট। পাশাপাশি কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, স্বরাষ্ট্র ও যুব উন্নয়ন খাতেও একাধিক প্রকল্প অনুমোদিত হয়।একনেক সভায় একই সঙ্গে ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প সম্পর্কে সভাকে অবহিত করা হয়। এর মধ্যে সরকারি কলেজ উন্নয়ন, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ, র্যাব সদর দপ্তর নির্মাণ এবং সৈয়দপুর বিদ্যুৎ কেন্দ্রের সংশোধিত প্রকল্প অন্তর্ভুক্ত।সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট উপদেষ্টা ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত