প্রিন্ট এর তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে বিএনপির প্রার্থীসহ পাঁচ শতাধিক নেতাকর্মীর নামে মামলা
স্টাফ রিপোর্টার ||
ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী সহিংসতার ঘটনায় বিএনপির প্রার্থীসহ পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার ভালুকা প্রতিনিধি মো. আলমগীর হোসেন এবং স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম (হরিণ)সহ মোট ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ৪০০ জনকে আসামি করা হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ বাদী হয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভালুকা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ৩১।মামলা সূত্রে জানা যায়, নির্বাচনী কার্যক্রম শুরুর পর থেকেই বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় রোববার (২৫ জানুয়ারি) পৌরসভা সদর এলাকা, কানার মার্কেট, বাটাজোর বাজার ও হবিরবাড়িতে মোর্শেদ আলমের কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।এর জেরে সন্ধ্যায় মোর্শেদ আলমের সমর্থকরা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালায়। একইদিন রাত সাড়ে ৭টার দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকরা মোর্শেদ আলমের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায়। এসব পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন।এ ঘটনায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষ থেকে ভালুকা মডেল থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযোগ উঠেছে, এসব ঘটনার সত্য সংবাদ প্রকাশ করায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ভালুকা উপজেলা বিএনপির সদস্য এবং ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনকে মামলায় আসামি করা হয়েছে।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী সহিংসতার ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং অপর একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত