প্রিন্ট এর তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
রাণীনগরের খানপুকুরে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা
সাজু ইসলাম , রাণীনগর উপজেলা প্রতিনিধি, নওগাঁ ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাণীনগর উপজেলার খানপুকুর এলাকায় এক বিশাল নির্বাচনী শোডাউন ও গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম (রেজু)। বিকেলে খানপুকুর বাজার ও আশপাশের এলাকায় ধানের শীষের সমর্থনে এই প্রচারণায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কয়েকশ কর্মী-সমর্থক নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং লিফলেট বিতরণ করেন। এসময় এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে তিনি কুশল বিনিময় করেন। প্রচারণায় অংশগ্রহণকারীরা "ধানের শীষ" ও "জিন্দাবাদ" স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে শেখ রেজাউল ইসলাম বলেন:"এলাকার মানুষ দীর্ঘদিন তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে রায় দিতে উন্মুখ হয়ে আছে। আমরা নির্বাচিত হলে রাণীনগর ও আত্রাই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে সর্বোচ্চ গুরুত্ব দেব।"নওগাঁ-৬ আসনে এবারের লড়াই হচ্ছে মূলত ত্রিমুখী। বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলামের পাশাপাশি মাঠে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপির সাবেক সংসদ সদস্য ও গণপূর্ত প্রতিমন্ত্রী ) আলমগীর কবির এবং জামায়াতে ইসলামীর প্রার্থী খবিরুল ইসলাম। প্রচারণাকালে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার এবং ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত