প্রিন্ট এর তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ লক্ষে ২৭ বিজিবির ব্যাপক প্রস্তুতি
আব্দুল্লাহ আল নোমান, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে মাঠপর্যায়ে ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক বিজিবি সদস্য। ০৬ ফেব্রুয়ারি( শুক্রবার) মিডিয়া ব্রিফিং মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, অধিনায়ক, বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে পালন করা হচ্ছে। এই বাহিনী রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করছে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তকে যথাযথভাবে সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করছে। পাশাপাশি, সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে।ভোটাররা যাতে নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ লক্ষ্যকে সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেষণামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করছে, যা ভোটারদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, নির্বাচনকালীন সময়ে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বিওপিসমূহে জনবল বৃদ্ধি, বডি অর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস্ ও বাইনোকুলার ব্যবহারের মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারী বৃদ্ধি করা হয়েছে।এছাড়াও, বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম অব্যাহত রয়েছে।মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) ২৯৯-রাঙ্গামাটি আসনের বাঘাইছড়ি উপজেলার ০১টি পৌরসভা ও ০৫টি ইউনিয়নের মোট ২১টি ভোটকেন্দ্রের জন্য দায়িত্বরত রয়েছে। ভোটারদের সুষ্ঠু ও অবাধ ভোট প্রদানের জন্য ০৪টি বেইজ ক্যাম্প হতে এই ব্যাটালিয়নের ০৬ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে। এছাড়াও বাঘাইছড়ি উপজেলায় মোট ৩৯টি ভোট কেন্দ্রের মধ্যে দূর্গম পাহাড়ী এলাকায় ০৬টি হেলিসর্টি ভোট কেন্দ্র রয়েছে। যার মধ্যে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ন এলাকায় ০২টি হেলিসর্টি ভোট কেন্দ্র রয়েছে। এক্ষেত্রে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) সার্বিক সহযোগিতা প্রদান করবে। এ সময় মারিশ্যা ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর এম. শাহিনুর রহমান, বিজিওএম, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা ও আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত