প্রিন্ট এর তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও অতীতের চেয়ে ভালো: ইসি আনোয়ারুল ইসলাম
মোহাম্মদ আলী সুমন ||
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ভোটগ্রহণের পরদিনই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচন শেষে ফল প্রকাশে তিন দিন সময় লাগবে—এমন গুঞ্জন নাকচ করে তিনি বলেন, শুক্রবারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই ফলাফল ঘোষণা সম্ভব হবে।রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন ঘিরে যে শঙ্কা ও আশঙ্কা ছিল, তা সবার সহযোগিতায় ইতোমধ্যে কাটিয়ে ওঠা গেছে। ইনশাআল্লাহ, আগামী বৃহস্পতিবার একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে পারব।একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ফলাফল ঘোষণায় বিলম্ব হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনোভাবেই তিন দিন লাগবে না। আধুনিক অটোমেশন ব্যবস্থা ও একাধিক প্রযুক্তিগত ডিভাইস ব্যবহারের মাধ্যমে দ্রুত ফল সংগ্রহ করা সম্ভব হবে। তবে দুর্গম এলাকার কিছু কেন্দ্রে তথ্য আসতে সামান্য সময় লাগতে পারে।নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনী মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য মোতায়েন থাকবেন জানিয়ে তিনি বলেন, অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত। সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হবে।নির্বাচন পর্যবেক্ষণ প্রসঙ্গে ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম দায়িত্ব পালন করবে। প্রতি দুই ঘণ্টা অন্তর কেন্দ্রভিত্তিক তথ্য পাঠানো হবে কেন্দ্রীয় মনিটরিং সেলে। যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি দায়িত্বে থাকা নিরাপত্তা সদস্যদের জন্য বডি–ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তি ঠেকাতে একটি বিশেষ ‘ফ্যাক্ট–ফাইন্ডিং সেল’ সার্বক্ষণিক কাজ করবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত