প্রিন্ট এর তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সুনামগঞ্জে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই, আটক ৫
এম. তাজুল ইসলাম তারেক, স্টাফ রিপোর্টার ||
সুনামগঞ্জে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই ঘটনায় দুই ছিনতাইকারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানার একটি দল আধুনিক ডিভাইস ব্যবহার করে আসামিদের অবস্থান শনাক্ত করে আটককৃত পাঁচজনকে থানায় নিয়ে আসে। ছিনতাইকারীরা হলো- সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার মোহাম্মদ বিল্লাল হোসেনের ছেলে মো. শাকিল (২৩) এবং মোহাম্মদ জুয়েল আহমেদের ছেলে সাব্বির ইসলাম শ্রাবণ (২২)। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ।ছিনতাইকৃত অটোরিকশা ক্রয়ের অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়েছে। এরা হলো- সুনামগঞ্জ সদরের ওয়েজখালী এলাকার মোছন মিয়ার ছেলে মো. চান মিয়া (৩৮), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুরুজ আলীর ছেলে মোহাম্মদ তাজুল ইসলাম (৩৫) এবং সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালীর মোছন মিয়ার ছেলে শাহাবুদ্দিন (৩৪)।পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি শহরের হাজীপাড়ায় যাত্রীসেজে অটোরিকশায় উঠে চালক ঝনিক দাস (১৪) এর গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে রিকশাটি নিয়ে যায়। পরে শনিবার প্রযুক্তির সহায়তায় তেঘরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিম হাজীপাড়া এলাকা থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মল্লিকপুর এলাকার একটি বাসা থেকে ছিনতাইকৃত অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বললেন, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আটক করা হয়েছে। ঘটনার পর আহত চালকের মা আরতী দাস বাদী হয়ে মামলা করলে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি বলেন, শহরে ছিনতাই দমনে পুলিশের বিশেষ টিম কাজ করছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত