প্রিন্ট এর তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬
রমজানেও খোলা থাকবে স্কুল
স্টাফ রিপোর্টার ||
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে রোজার মাসে স্কুল খোলা রাখতে আর কোনো আইনি বাধা থাকছে না।সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ স্থগিতাদেশ দেন। নিয়মিত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানা গেছে।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।এর আগে রোববার পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসান–এর সমন্বয়ে গঠিত বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, মাদরাসাগুলোতে ১৫ ফেব্রুয়ারি থেকে—অর্থাৎ রমজান শুরুর আগেই—ছুটি শুরু হলেও স্কুলগুলোতে ১৫ রমজান (৭ মার্চ) পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত ছিল। এ সিদ্ধান্তে অনেক শিক্ষক অসন্তোষ প্রকাশ করেছিলেন।উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। পরবর্তীতে এ বিষয়েই আদালতে রিট দায়ের ও শুনানি অনুষ্ঠিত হয়।আপিল বিভাগের স্থগিতাদেশে আপাতত রমজানজুড়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার পথ সুগম হলো।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত