প্রিন্ট এর তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে সম্প্রীতির বার্তা দিলেন এস এম জাহাঙ্গীর
মনির হোসেন, , ঢাকা ||
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর স্থানীয় নেতৃবৃন্দ।সোমবার সন্ধ্যায় উত্তরায় তার নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য ও ঢাকা-১৮ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। সাক্ষাৎকালে তারা এস এম জাহাঙ্গীর হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।আলোচনায় এলাকার শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, সামাজিক সমস্যা নিরসন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় হয়। তারা আশা প্রকাশ করেন, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকায় শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে।এ সময় এস এম জাহাঙ্গীর হোসেন সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো দল যেন ধর্মীয় প্রতিষ্ঠান—মসজিদ, মাদ্রাসা, স্কুল কিংবা কল্যাণ সমিতিগুলোকে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার না করে। তিনি বলেন, উত্তরার বিভিন্ন মসজিদ কল্যাণ সমিতির মাধ্যমে পরিচালিত হয় এবং অতীতে অনেকেই মসজিদ কমিটির দায়িত্ব চাইলেও তিনি সেগুলো রাজনৈতিকভাবে প্রভাবিত না করার অবস্থান নিয়েছেন। “যোগ্য ব্যক্তিদের হাতে দায়িত্ব দিতে হবে, দলীয়করণ করা যাবে না”—এমন মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে পক্ষপাতমূলক কর্মকাণ্ড সংঘাতের জন্ম দিতে পারে। অতীতে দেওয়া বক্তব্যের উদাহরণ টেনে তিনি পুনর্ব্যক্ত করেন, ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনীতি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে সমাজ থেকে অন্যায়-অত্যাচার ও অপরাধ অনেকটাই দূর করা সম্ভব।” জামায়াত নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, একসঙ্গে কাজ করলে সমাজের বহু সমস্যা সহজেই সমাধান করা যাবে।সাক্ষাৎ শেষে উভয় পক্ষ যে কোনো বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত