প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬
রমজানের ত্যাগের মহিমায় দুস্থদের সহায়তার আহ্বান ডা. শাহাদাত হোসেনের
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম ||
পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরের সুবিধাবঞ্চিত ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ) বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় রমজানের মাসব্যাপী ইফতার ও সেহরী বিতরণ উপলক্ষে নগরীর বিপ্লব উদ্যানে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন নগর পিতা ডা শাহাদাত।তিনি বলেন, "সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই পবিত্র মাসে মানবিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরও বলেন, "বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অংশ নিতে পেরে আনন্দিত। এটি সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে যে দূরত্ব রয়েছে, তা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগের পাশে থাকব।"ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন জানান, এই আয়োজনের মাধ্যমে সারা মাসে লক্ষাধিক মানুষকে ইফতার ও সেহরী করানো হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সদা মনোযুক্ত মানুষদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে তারা অভাবীদের সঙ্গে একই টেবিলে বসে খাবার ভাগাভাগি করতে পারেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন, মেয়রের একান্ত সচিব মারুফ উল হক চৌধুরী, একান্ত সচিব (রাজনৈতিক) জিয়াউর রহমান এবং অন্যান্য সামাজিক ও ব্যবসায়ী নেতারা।ফাউন্ডেশন জানায়, এই উদ্যোগ শুধু চট্টগ্রামের জন্য সীমাবদ্ধ নয়; ঢাকাসহ রাজশাহী ও কুড়িগ্রামে মোট ৩ লাখ মানুষের জন্য ইফতার ও সেহরীর আয়োজন করা হচ্ছে। মানবিক এই উদ্যোগে অংশগ্রহণ করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হচ্ছেন এবং রমজানের পবিত্রতা ছড়িয়ে দিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত