প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত
মোঃ বেলায়েত হোসেন, শেরপুর জেলা প্রতিনিধি ||
শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় শেরপুর শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর পৌর শহর শাখার আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পৌর শহর জামায়াতের সভাপতি মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-১ ( সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, সহকারি সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, নায়েবে আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন সহ আরো অনেকে।অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এছাড়া মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।জেলা পুলিশ, শেরপুর যথাযোগ্য মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আত্মোৎসর্গকারী সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলমসহ শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত