প্রিন্ট এর তারিখ : ১১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেল কার্যক্রমে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
মোঃ বেলায়েত হোসেন, শেরপুর জেলা প্রতিনিধি ||
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় পৌরসভা চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাকসেল কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বরাদ্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৯০ জন ভোক্তার নির্ধারিত পণ্য উধাও হওয়ার ঘটনা ঘটেছে।রবিবার (৮ মার্চ) দুপুরে নালিতাবাড়ী পৌরসভা চত্বরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করছিলেন মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজ নামের এক ডিলার। এদিন প্রায় ৪০০ জন ভোক্তার জন্য পণ্য বরাদ্দ ছিল। তবে পণ্য বিতরণের সময় স্থানীয় ভোক্তারা অনিয়মের অভিযোগ তুললে ট্রাকে থাকা পণ্যের হিসাব যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে দেখা যায়, প্রায় ৯০ জন ভোক্তার জন্য বরাদ্দকৃত পণ্যের ঘাটতি রয়েছে। এতে অপেক্ষমাণ ভোক্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। পরে তিনি ট্রাকে করে আনা কয়েকটি খালি তেলের কার্টন উদ্ধার করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দেন।স্থানীয় ভোক্তাদের অভিযোগ, টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে থাকা কিছু ডিলার ও পৌরসভার অসাধু কর্মচারীরা অনিয়মের মাধ্যমে বরাদ্দকৃত পণ্য সরিয়ে ফেলছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন ভোক্তার পণ্য উধাও হয়ে যাচ্ছে। টিসিবির পণ্য বিতরণে দীর্ঘদিন ধরেই এ ধরনের অনিয়ম চলছে বলেও অভিযোগ করেন তারা।বিতরণের দায়িত্বে থাকা মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবুল বাশার বলেন, পণ্য কম নিয়ে যাওয়ার বিষয়টি আমি জানতাম না। পণ্য কম পড়েছে শুনে আমি আরেকটি ট্রাকে করে পণ্য পাঠিয়ে দিয়েছি।বিতরণ কার্যক্রমের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, “টিসিবির পণ্য বিতরণের বিষয়টি আমাকে ডিলার বা কেউ জানায়নি। এ বিষয়ে আমি কিছুই জানি না।এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত