প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
বরিশালের চরমোনাই ঘাটে নোঙর করা লঞ্চ আংশিক ডুবি
মোহাম্মদ আলী সুমন ||
বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা ঘাটে নোঙর করে রাখা একটি যাত্রীবাহী লঞ্চ আংশিক ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে লঞ্চে কোনো যাত্রী বা স্টাফ উপস্থিত না থাকায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।ডুবে যাওয়া লঞ্চটির নাম এমভি মানিক-৪। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লঞ্চটি মুন্সিগঞ্জ থেকে যাত্রী নিয়ে মঙ্গলবার রাতে চরমোনাইয়ের বাৎসরিক মাহফিলে অংশগ্রহণকারীদের নিয়ে ঘাটে ভিড়ে। ভোররাতে যাত্রীরা নেমে যাওয়ার পর লঞ্চটি ঘাটেই অবস্থান করছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ভাটার কারণে নদীর পানি দ্রুত কমে গেলে লঞ্চটির পেছনের অংশ নিচে দেবে যায়। এতে ভারসাম্য হারিয়ে লঞ্চটি আংশিকভাবে পানিতে ডুবে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লঞ্চটি যথাযথভাবে মজবুতভাবে বাঁধা না থাকায় পানির স্তর কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনা ঘটে।ঘটনায় লঞ্চে থাকা মুসল্লিদের কিছু মালামাল পানিতে নষ্ট হয়েছে বলে জানা গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, “লঞ্চে কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।”উল্লেখ্য, বুধবার দুপুরে উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে চরমোনাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করছেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত