প্রিন্ট এর তারিখ : ১৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, প্রাণ গেল ৭ জনের
স্টাফ রিপোর্টার ||
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকায় চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।হাইওয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী ট্রাকটিতে মোট ১৩ জন যাত্রী ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে গভীর খাদে পড়ে গেলে যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।খবর পেয়ে বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে।কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। স্বজনরা আসার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত