প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনের গলাকাটা লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার ||
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের একটি বসতবাড়িতে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) দিবাগত গভীর রাতে বাড়ির ভেতর থেকে চারজনের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে গলাকাটা অবস্থায় চারটি মরদেহ উদ্ধার করে।মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান। তিনি জানান, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে হত্যার পেছনের কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ এবং আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এদিকে, একই পরিবারের চারজনকে নির্মমভাবে হত্যার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে দ্রুত সময়ের মধ্যেই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত