প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
ঘাসফড়িং
চৌধুরী অপি আশরাফি ||
কোলাহল ওই আকাশ ছোঁয়, খুশির মাতম ঘরে ঘরে,আমার উঠোন শূন্য খাঁ খাঁ, চোখের পানি ঝরে পড়ে।সবার দুয়ারে লাল ইশারা, কোরবানির ওই রক্তস্রোত,আমার কপালে মিছেই লেখা— এই জনমের চরম দণ্ড।আমি যে ভাই রিক্ত বড়, আমি যে মিসকিন,ধুলায় লুটে কাটে আমার দুঃখ-জাগা দিন।মাংস কেনার সাধ্যি কোথায়? পকেটে যে টান,খিদের জ্বালায় পুড়ে যায় রে আমার জীর্ণ প্রাণ।উৎসবের ওই ধামাচাপায় আমি এক কোণে,অসহায় এক হাহাকার জাগে আমার মনে।ফেলে দেওয়া ওই উচ্ছিষ্ট আর হাড়ের পাহাড় যতো,সেখানেই আমি হাতড়াই সুখ, ভাগ্যের অবিরত।লোভী চোখে তাকিয়ে থাকি কসাইখানার দ্বারে,মানুষ কি আর মানুষ আছে এই নগরের ভিড়ে?যে হাড় চিবিয়ে কুকুর ও পালায় অবহেলা ভরে,সেই হাড়গুলো কুড়িয়ে আনি অতি যতন করে।মাংসহীন ওই হাড়ের মাঝে ধুকপুকানি খুঁজি,দারিদ্র্যের এই কঠিন শৃঙ্খল কি দিয়ে আর বুঝি?উনুন জ্বলে ধিকিধিকি, হাড়ের ঝোল ফোটে,আমার অভাবের নগ্ন ছবি তপ্ত ধোঁয়ায় ওঠে।হাড়-হাড্ডি কুড়াই আমি, হাড়-হাড্ডিই সার,গরিবের এই ভুবনে হায়, নেই তো অধিকার।মানুষের হাসি ভারী হয়ে বাজে আমার কানে,আমার ইদ তো বন্দি শুধু হাড়ের ওই গানে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই