প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
চট্টগ্রামে ব্যাটারি চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম ||
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে মো. দিদারুল আলম (২৮) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ওয়ার্ড পর্যায়ের নেতা হাতেনাতে আটক হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ শাহমীরপুর দারোগা হাট (জাগিরপাড়া) এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।আটককৃত দিদারুল আলম দক্ষিণ শাহমীরপুর গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে। তিনি ওই এলাকার ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সংগঠক হিসেবে জড়িত বলে জানা গেছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে দিদারুল আলম স্থানীয় এক ব্যক্তির অটোরিকশার ব্যাটারি চুরি করার চেষ্টা করছিলেন। এ সময় টের পেয়ে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে কর্ণফুলী থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দিদারুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম জানান, "অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চুরির অভিযোগে আটক আসামিকে গতকাল রাতেই থানায় নিয়ে আসা হয়। আজ শনিবার দুপুরে তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।"
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই