প্রিন্ট এর তারিখ : ০২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
পাথরঘাটা বাজারে ভ্যানগাড়ির দখলে প্রধান সড়ক, চরম ভোগান্তিতে ক্রেতা-সাধারণ
মো: রিপন মিয়া, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি ||
বরগুনার পাথরঘাটা পৌর শহরের প্রধান বাজারে ফল ও সবজি বিক্রেতাদের ভ্যানগাড়ির কারণে তীব্র যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাজারের দক্ষিণ পাশের প্রবেশমুখে সারিবদ্ধভাবে ভ্যানগাড়ি দাঁড়িয়ে থাকায় পথচারী, ক্রেতা ও যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা বাজারে প্রবেশের জন্য উত্তর ও দক্ষিণ—দুটি গলি রয়েছে। এর মধ্যে দক্ষিণ গলি দিয়ে অধিকাংশ মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু আম, লিচু, কাঁঠালসহ মৌসুমি ও বিভিন্ন ধরনের ফল-সবজি বিক্রেতারা ভ্যানগাড়ি নিয়ে ওই প্রবেশমুখ দখল করে রাখায় প্রায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র জটলা।এদিকে ভ্যানগাড়ির পাশাপাশি বাজারে যানজটের আরেকটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ভারী পণ্যবাহী ট্রাকের অবাধ চলাচল। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন অন্তত সাত থেকে আটটি বড় ট্রাক বাজারের পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা পর্যন্ত যাতায়াত করে। ব্যস্ত বাজারের মধ্যে এসব ট্রাক প্রবেশ করায় সড়কে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। অনেক সময় ট্রাক পারাপারের সময় অন্যান্য যানবাহন ও পথচারীদের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়, ফলে দুর্ভোগ আরও বেড়ে যায়।পাথরঘাটা উপজেলা বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. নূরে আলম মিয়া বলেন, “ভ্যানগাড়িগুলো সরিয়ে দিতে বহুবার চেষ্টা করা হয়েছে। মাঝে-মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও অভিযান চালায়। কিন্তু বাজারে দুটি প্রবেশপথ থাকায় প্রশাসনের লোকজন একদিকে গেলে বিক্রেতারা অন্যদিকে সরে যায়। নজরদারি থাকলে কয়েকদিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকে, পরে আবার আগের অবস্থায় ফিরে যায়।”বাজারে কেনাকাটা করতে আসা আসমা আক্তার বলেন, “যখনই বাজারে আসি, তখনই দেখি দক্ষিণ গলির মুখে অসংখ্য ভ্যানগাড়ি দাঁড়িয়ে আছে। এসব ভ্যানগাড়িতে সারা বছরই কোনো না কোনো ফল বিক্রি করা হয়। শিশুদের নিয়ে বাজারে চলাচল করতে খুবই কষ্ট হয়। অনেক সময় ধাক্কাধাক্কির মধ্যে পড়তে হয়।”স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ, বাজারের গুরুত্বপূর্ণ প্রবেশমুখ দখল করে ভ্রাম্যমাণ ব্যবসা পরিচালনার কারণে শুধু যানজটই নয়, জরুরি প্রয়োজনে রোগী বা বৃদ্ধদের চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বাজারের ভেতর দিয়ে নিয়মিত ভারী ট্রাক চলাচল করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং ক্রেতাদের ভোগান্তি দিন দিন বাড়ছে।এ অবস্থায় বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্যানগাড়ি ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, বাজার এলাকায় ভারী ট্রাক চলাচল নিয়ন্ত্রণ এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই