প্রিন্ট এর তারিখ : ০৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা জোরদারে কর্মশালা
মো: রিপন মিয়া, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি ||
গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বরগুনায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় সংগ্রাম স্মার্ট প্রকল্পের উদ্যোগে চৌধুরী মাসুম টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সভাকক্ষে ‘Workshop on Promoting Safety Issue forMarine Fisherman’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুজ্জামান। উদ্বোধনী বক্তব্য দেন সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধুরী মো. মাসুম। স্বাগত বক্তব্য ও প্রকল্প পরিচিতি তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুল্লাহ আল মামুন।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক, বিএফডিসির ম্যানেজার লেফটেন্যান্ট কমান্ডার জি এম মাসুদ শিকদার, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টেশন কমান্ডার মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী মো. মোস্তফা এবং বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন।এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, সমাজকর্মী, মাঝি ও জেলে পরিবারের সদস্যরা কর্মশালায় অংশ নেন।মুক্ত আলোচনায় গভীর সমুদ্রে মৎস্য আহরণকারী জেলেরা তাঁদের নিরাপত্তা ও পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। বিশেষ করে জলদস্যুর আক্রমণের আশঙ্কা, সমুদ্রে নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এবং প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামের অভাবের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।আলোচনায় অংশ নেওয়া অতিথিরা জেলেদের নিরাপদ মৎস্য আহরণে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকা এবং সরকারের বিদ্যমান নিয়মকানুন মেনে মাছ আহরণ করার পরামর্শ দেন।বক্তারা বলেন, সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা সরঞ্জামের ব্যবহার বাড়ানো প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই