প্রিন্ট এর তারিখ : ০৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬
চান্দিনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে অন্তত ২০ লাখ টাকার মালামাল লুট
টি. আর. দিদার, , চান্দিনা (কুমিল্লা) ||
কুমিল্লার চান্দিনা পৌর সদরে কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়। গভীর রাতে অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাতদল।বুধবার (৮ জুলাই) দিবাগত রাত ২টায় চান্দিনা পৌরসভার ৩নং ওয়ার্ড হারং দক্ষিণপাড়া এলাকার প্রবাসী পিয়াস ও কামরুল হাসান এর বাড়িতে এ ঘটনা ঘটে। একই রাতে চান্দিনা-রামমোহন সড়কের হারং উদালিয়ায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে ডাকাতদল।গৃহকর্তা ছফিউল্লাহ জানান- আমার দুই ছেলে প্রবাসে থাকে। ঘরে আমি, আমার স্ত্রী ও পুত্রবধুসহ ৪জন ছিলাম। রাত অনুমান ২টায় হঠাৎ দরজার আওয়াজ শুনে ঘুম ভাঙ্গতেই দেখি অস্ত্রহাতে মুখোশ পরা ৬-৭জন ডাকাতদল আমার ঘরে। এসময় ডাকাতরা আমাদের বেঁধে ঘরের স্টিলের আলমারি, ওয়াড্রপ ভেঙ্গে নগদ ১ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন নিয়ে যায়। রাত অনুমান ৩টার দিকে ডাকাতদল বের হয়ে গেলে আমরা পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করি। থানা থেকে মাত্র ২ কিলোমিটার দূরত্বে আমার বাড়িতে পুলিশ আসে ভোর সাড়ে ৪টায়!চান্দিনা থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান- থানা থেকে আমার কাছে ফোন আসে সোয়া ৪টায়। তার মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই আমি ঘটনাস্থলে যাই। ডাকাতির ঘটনাটি তিনি স্বীকার করে বলেন আমরা গৃহকর্তাকে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছি।এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নূরুজ্জামান জানান- ডাকাতির বিষয়টি শুনেছি। এ ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। এছাড়া সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার ঘটিনাটি আমার জানা নেই।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই