প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
বরুড়ায় বেপরোয়া সিএনজির ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর
মোঃ ইলিয়াছ আহমদ,, বরুড়া (কুমিল্লা) ||
কুমিল্লার বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের নবীপুর গ্রামের প্রয়াত আব্দুল বাতেন বাকীর মেজো ছেলে তানিম আহমেদ (১৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার বিকেল আনুমানিক ৪ টা ৩০ মিনিটে চান্দিনা থেকে রামমোহন বাজারে আসার পথে বানিয়াচং গ্রামের পাশে একটি বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় তানিম মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, তাকে আইসিইউতে রাখা হয়েছে।নিহত তানিম আহমেদ ২০২৬ সালের রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং ফলাফলের অপেক্ষায় ছিলেন। স্বপ্নভরা এক কিশোরের এমন অকাল মৃত্যুতে নবীপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন, বন্ধু ও সহপাঠীদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।স্থানীয়দের অভিযোগ, চান্দিনা-রামমোহন সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে যাত্রী ও সিরিয়াল নিয়ে প্রায়ই বেপরোয়া প্রতিযোগিতা চলে। কার আগে কে যাবে—এমন প্রতিযোগিতার কারণে প্রায়ই ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানো হয়। স্থানীয়দের দাবি, এই বেপরোয়া প্রতিযোগিতারই বলি হয়েছেন তানিম আহমেদ। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।এদিকে, নিহত তানিম আহমেদের জানাজার নামাজ আজ রাত ৯টায় নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই