প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ২
মো: ফুহাদ আলী , চাঁপাইনবাবগঞ্জ ||
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের মাস্তানমোড় এলাকায় এ অভিযান চালানো হয়।আটককৃত ব্যক্তিরা হলেন— উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মোঃ আবুল কালামের ছেলে মোঃ শাহিন আলম (২০) এবং একই গ্রামের মোঃ বেলাল উদ্দিনের ছেলে মোঃ মাহফুজ (১৭)।৫৩ বিজিবি সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল মাস্তানমোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা উক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে কোমরে লুকিয়ে রাখা ৮টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত আরও দুটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।বিজিবি জানিয়েছে, জব্দ করা মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮৯ টাকা।৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা আলামতসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। চলতি জুলাই মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে তিনজনকে আটক করা হয়েছে এবং মোট ৬৬টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই