প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে হাসপাতাল থেকে অন্ধ বিধবা নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
শেখ জাহিদ,, ঝালকাঠি ||
ঝালকাঠি সদর হাসপাতালে অবস্থান করা ৬০ বছর বয়সী এক অন্ধ বিধবা নারীকে খাবার খাওয়ানোর কথা বলে গভীর রাতে বাইরে ডেকে নেওয়ার পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী নারীকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে রাখা হয়েছে।ভুক্তভোগী নারীর নাম রোকেয়া। তিনি ঝালকাঠি সদর হাসপাতালে সরকারি খাবার খেয়ে সেখানে অবস্থান করতেন বলে জানা গেছে।আটক দুজন হলেন মো. বেলাল সিকদার ও মো. নাসির মল্লিক। বেলাল সিকদার কৃষ্ণকাঠি গ্রামের মোবারক আলী শিকদারের ছেলে। নাসির মল্লিক সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের বিকনা গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডের কাছ থেকে খাবার খাওয়ানোর কথা বলে রোকেয়াকে বাইরে ডেকে নেওয়া হয়। পরে মোটরসাইকেলে করে তাঁকে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেন তিনি।ভোরে হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করেন রোকেয়া। বিষয়টি জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে হাসপাতালে ভর্তি করে এবং পুলিশকে জানায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে কথা বলে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে।ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, রোকেয়া হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। তিনি হাসপাতালে অবস্থান করতেন। ঘটনার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, রোকেয়াকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে রাখা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।মেহেদী হাসান বলেন, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই