প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
কচুয়া উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল গ্রেপ্তার
মো: সালাউদ্দিন সোহাগ , স্টাফ রিপোর্টার ||
চাঁদপুরের কচুয়া উপজেলা নিযিদ্ধ আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে (৪৫) সন্ত্রাস দমন আইনে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) চাঁদপুর সদর মডেল থানা এলাকা থেকে তাকে আটকের পর কড়া পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন কচুয়া উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, রবিবারই তার বিরুদ্ধে কচুয়া থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ৮, ৯, ১০ ও ১২ ধারায় একটি মামলা (নং- ৫৯) দায়ের করা হয়। তিনি এই মামলার ১নং আসামি।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাতে কচুয়া থানাধীন ৪নং পালাখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের জনৈক জামাল পাটোয়ারীর বাড়িতে আসামিরা একত্রিত হন। সেখানে তারা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত করার গভীর ষড়যন্ত্র করছিলেন।এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আসামিরা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ ও এর আদর্শকে সমর্থন করেন। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনার উদ্দেশ্যে ঘটনাস্থলে মিলিত হয়ে তারা মিছিলে অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতা করেছেন। এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আজিজুল ইসলাম আকাশ বলেন, অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে কচুয়া থানার সন্ত্রাস বিরোধী একটি মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই