প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
মোঃ মোজাক্কেরুল ইসলাম, স্টাফ রিপোর্টার ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে আত্রাই উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে উপজেলা অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।প্রধান অতিথির বক্তব্যে এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, বিএনপি এখন একটি সুসংগঠিত রাজনৈতিক দল। দেশের জাতীয় সংকট সমাধান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদী ও ষড়যন্ত্রকারী শক্তির যেকোনো অপতৎপরতা মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। বিএনপির নেতাকর্মীদের জনগণের পাশে থেকে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ যদি দখল, চাঁদাবাজি কিংবা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দলের মধ্যে কোনোভাবেই গডফাদার সংস্কৃতি প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না।এস এম রেজাউল ইসলাম রেজু আরও বলেন, দলের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করলে তাকে চিহ্নিত করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের অপতৎপরতা মোকাবিলা করা হবে। বিএনপির রাজনীতি হবে জনগণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার রাজনীতি।তিনি দলের নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, দলের সাংগঠনিক শক্তি বাড়াতে তৃণমূলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও কামরুল হাসান সাগর, সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম মৃধা ও এস এম ফারুক, সহসাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরদার ও মোঃ সাহাদৎ হোসেন রকেট, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিয়ামত আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।এ ছাড়া জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ আলী প্রামাণিকসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল এবং উপজেলার আটটি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন।বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক রাজনীতিতে দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাধারণ মানুষের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা সভায় বক্তারা বলেন, রাজনৈতিক দলের শক্তি শুধু দলীয় কার্যালয় বা সভা-সমাবেশে নয়, সাধারণ মানুষের সঙ্গে দলের নেতাকর্মীদের সম্পর্কের ওপর নির্ভর করে। তাই মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।এ সময় বক্তারা দলের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানানো হয়।বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আত্রাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই