প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
নীলফামারী টিচার্স ট্রেনিং কলেজে বিএড কোর্সে অনিয়মের অভিযোগ
মো: উজ্জ্বল , নিলফামারী প্রতিনিধি ||
নীলফামারী টিচার্স ট্রেনিং কলেজে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) কোর্স পরিচালনায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী ভর্তি থাকলেও নেই পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক শিক্ষক-কর্মচারী। নিজস্ব ক্যাম্পাসে নিয়মিত শিক্ষা কার্যক্রম না চালিয়ে অন্য একটি প্রতিষ্ঠানের ভবনে বিএড কোর্সের কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে।জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নীলফামারী টিচার্স ট্রেনিং কলেজ ২০০৬ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ রয়েছে। বর্তমানে নীলফামারী শহরের আনন্দ বাবুর পুল সংলগ্ন নীলফামারী ক্যাডেট একাডেমী বিদ্যালয়ের ভবনে কলেজটির বিএড কোর্সের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের অভিযোগ, এক বছর মেয়াদি বিএড কোর্সে শিক্ষার্থীপ্রতি প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা নেওয়া হয়। তাদের দাবি, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের তুলনায়ও এই খরচ বেশি। অথচ সে অনুযায়ী শিক্ষা কার্যক্রম ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে না।আরও অভিযোগ রয়েছে, কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম দীর্ঘদিন ঢাকায় অবস্থান করায় প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রমে তার উপস্থিতি নেই। তার পরিবর্তে পরিচালনা পর্ষদের একজন প্রভাবশালী সদস্য প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম দেখভাল করছেন বলে অভিযোগ উঠেছে।বিএড কোর্স সম্পন্ন করলে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি চাকরির ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং আর্থিক বেতন স্কেলে সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, এই সুযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলো তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।শিক্ষার্থীরা দ্রুত তদন্তের মাধ্যমে অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই, শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং টিচার্স ট্রেনিং কলেজে সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই