প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড
এস.বি-সুজন,, লালমনিরহাট ||
লালমনিরহাটে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মোক্তার উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দায়রা জজ নিত্যানন্দ সরকার এ রায় দেন। সাজাপ্রাপ্ত মোক্তার উদ্দিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ি এলাকার বাসিন্দা।আদালত ও মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে ১২ বছরের শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন মোক্তার উদ্দিন। এ কথা কাউকে বললে প্রাণনাশের হুমকিও দেন তিনি।এরপর বিভিন্ন সময় শিশুটিকে ধর্ষণ করেন মোক্তার। একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হলে তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয়।একপর্যায়ে পরিবারের লোকজন তাকে ডাক্তারি পরীক্ষা করলে অন্তঃসত্ত্বার বিষয়টি জানতে পারেন। এরপর শিশুটি সব কথা জানালে গত ২০২০ সালের ২৬ মে মোক্তার উদ্দিনের নামে পাটগ্রাম থানায় মামলা করেন শিশুটির বাবা। সোমবার আসামির উপস্থিতিতে আলোচিত এ মামলার রায় দেন আদালত।রায়ে জরিমানার অর্থ ক্ষতিপূরণ বাবদ ওই শিশুর পরিবারকে দেওয়ার আদেশও দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি/স্পেশাল পিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই