প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মোজাক্কেরুল ইসলাম, স্টাফ রিপোর্টার ||
‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, আত্রাই, নওগাঁর যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।দিবসটি উপলক্ষে সকালে আত্রাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তারিক ইকবালের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান।আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের মৌলিক অধিকার, আত্মমর্যাদা ও জীবনমান উন্নয়নের অন্যতম ভিত্তি। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই পারে দারিদ্র্য, বেকারত্ব, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করে একটি সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে। তাই ঝরে পড়া শিক্ষার্থী, বয়স্ক নিরক্ষর মানুষ ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি ও তথ্যনির্ভরতার কারণে সাক্ষরতার ধারণা আরও বিস্তৃত হয়েছে। প্রচলিত পড়াশোনার পাশাপাশি ডিজিটাল জ্ঞান, তথ্য যাচাই এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মৌলিক দক্ষতা অর্জনও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাযহারুল ইসলাম এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ খোরশেদ আলম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আজাদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক মোঃ কে এম আইয়ুব আলী, এসআই মোঃ সেলিম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা।আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের কোনো মানুষ যেন শিক্ষা ও প্রয়োজনীয় জ্ঞান থেকে বঞ্চিত না থাকে—এ লক্ষ্যেই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সাক্ষরতার হার বৃদ্ধির পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।উল্লেখ্য, প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। মানুষের মধ্যে শিক্ষা ও সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়ে থাকে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই