প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ যুবক গ্রেফতার
মো: রায়হান আলী , নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ। এ সময় মাদক রাখার ও বিক্রির অভিযোগে সুকুমার প্রাং (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলার বিভিন্ন থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যায় মান্দা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।জানা যায়, মান্দা থানা পুলিশের একটি দল জোতবাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ ঋষিপাড়া গ্রামে একটি বসতবাড়ির পেছনে মাদকদ্রব্য বিক্রির কার্যক্রম চলছে।এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। পরে সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যদের নিয়ে দক্ষিণ নুরুল্যাবাদ ঋষিপাড়া এলাকায় অভিযান চালানো হয়।অভিযানকালে শ্রীমতী গায়িত্রী রানী (৪৪), স্বামী মৃত নিপেন্দ্রনাথ প্রাং-এর পূর্বদুয়ারী বসতবাড়ির পেছনে টিউবওয়েলের পাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই স্থান থেকে সুকুমার প্রাং (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সুকুমার প্রাং দক্ষিণ নুরুল্যাবাদ ঋষিপাড়া গ্রামের মৃত নিপেন্দ্রনাথ প্রাং-এর ছেলে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের দাবি, অভিযানকালে ঘটনাস্থল থেকে প্রায় ২৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।স্থানীয়ভাবে মাদকের বিস্তার রোধে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই