প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
‘ফটোভোলটাইক-পশুপালন’ মডেলে মরুভূমির নতুন জীবন
আন্তর্জাতিক: ||
ছিংহাই প্রদেশের তা লা সৈকতের সবুজ রূপান্তর, টেকসই উন্নয়নে চীনের উদ্ভাবনী পদ্ধতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একসময়কার ঊষর গোবি মরুভূমি, যার মরুকরণের হার ছিল ৯৮.৫ শতাংশ পর্যন্ত, একটিমাত্র ফটোভোলটাইক শক্তি প্রকল্পের কল্যাণে এক অপ্রত্যাশিত সাফল্য অর্জন করেছে।প্রাথমিকভাবে পরিচ্ছন্ন শক্তির উন্নয়ন ও অব্যবহৃত মরুভূমিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে শুরু হলেও, প্রকল্পটি অপ্রত্যাশিতভাবে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করে এবং তৃণভূমির বিকাশ ঘটায়, যা একটি নতুন ‘ফটোভোলটাইক-পশুপালন পরিপূরক’ কাঠামোর অন্বেষণের পথ খুলে দেয়। কাঠামোটি নতুন শক্তির উৎসগুলোর উন্নয়নকে সম্পর্কহীন এবং এমনকি পারস্পরিকভাবে সীমাবদ্ধ অবস্থা থেকে পারস্পরিকভাবে উপকারী ও উভয় পক্ষের জন্য লাভজনক অবস্থায় রূপান্তরিত করে, যা বিশ্বজুড়ে মরু অঞ্চলের সবুজ রূপান্তরের জন্য একটি উজ্জ্বল চীনা উদাহরণ স্থাপন করে।৩ হাজার মিটারের বেশি গড় উচ্চতার কারণে তা লা সৈকতে প্রচুর সূর্যালোক এবং বিশাল ও অবিচ্ছিন্ন ভূখণ্ড রয়েছে, যা ফটোভোলটাইক বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি প্রাকৃতিক সুবিধা প্রদান করে। এই অনন্য প্রাকৃতিক সুবিধাকে কাজে লাগিয়ে, একটি বড় আকারের ফটোভোলটাইক শিল্প-উদ্যান নির্মাণ করা হয়েছে। উদ্যানটিতে বিস্তৃত ফটোভোলটাইক প্যানেলগুলো একটি নীল শক্তি ম্যাট্রিক্স তৈরি করেছে, যা ক্রমাগত স্থিতিশীল ও পরিচ্ছন্ন বিদ্যুতের সরবরাহ করে এই অঞ্চলের নিম্ন-কার্বন রূপান্তরে অবদান রাখছে। প্রাথমিকভাবে, সকলের মূল উদ্দেশ্য ছিল শক্তি উৎপাদন এবং তাঁরা কেবল অনুর্বর গোবি মরুভূমি থেকে সবুজ অর্থনৈতিক মূল্য তৈরির আশা করেছিলেন। কিন্তু, স্থানীয় ঐতিহ্যবাহী পশুপালন শিল্পের সঙ্গে এর গভীর সংযোগের কথা কল্পনাও করেননি।শিল্প উন্নয়নের বিস্ময়কর রূপান্তর শুরু হয়েছিল পরিবেশের নীরব পুনরুদ্ধারের মধ্য দিয়ে। সারি সারি ফটোভোলটাইক প্যানেল একটি প্রাকৃতিক প্রতিবন্ধক হিসেবে কাজ করে, যা মালভূমির ভূমিকে তীব্র অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে এবং মাটির আর্দ্রতা বাষ্পীভবন উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্যানেল থেকে চুইয়ে পড়া জল ক্রমাগত অনুর্বর ভূমিকে পুষ্ট করে। বছরের পর বছর ধরে পরিবেশগত সংরক্ষণ হাজার হাজার বছর ধরে সুপ্ত থাকা মরুভূমিকে পুনরুজ্জীবিত করেছে, উদ্ভিদের আচ্ছাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং একদা অনুর্বর ভূমিকে সুবিশাল উন্নত মানের তৃণভূমিতে রূপান্তরিত করেছে।পরিবেশগত অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে নতুন নতুন উন্নয়নমূলক প্রতিবন্ধকতাও দেখা দিচ্ছে। অতিরিক্ত বেড়ে ওঠা ঘাস ফটোভোলটাইক কাঠামোর কাজে বাধা সৃষ্টি করে বিদ্যুতের উৎপাদন কমিয়ে দিতে পারে এবং শরৎ ও শীতকালে শুকিয়ে যাওয়া আগাছা অগ্নিনিরাপত্তার ক্ষেত্রে গুরুতর ঝুঁকি তৈরি করে। প্রচলিত হাতে আগাছা পরিষ্কার করার পদ্ধতিতে প্রচুর জনবল ও সম্পদের প্রয়োজন হয়, যা উদ্যানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। পাশাপাশি, এটি একটি বিশাল ফটোভোলটাইক পার্কের ব্যবস্থাপনার কাজকেও কঠিনতর করে। একদিকে যেমন নতুন জ্বালানি শিল্পের স্থিতিশীল উন্নয়নের প্রয়োজন রয়েছে, অন্যদিকে তেমনি পুনরুজ্জীবিত তৃণভূমি ও স্থানীয় পশুপালকদের জীবিকা রক্ষারও প্রয়োজন আছে। আপাতদৃষ্টিতে পরস্পরবিরোধী এই দুটি বিষয় একটি জরুরি উন্নয়নমূলক সমস্যায় পরিণত হয়েছে, যার সমাধান করা প্রয়োজন।দ্বন্দ্ব ও প্রতিকূলতার সম্মুখীন হয়ে, চীন একক উন্নয়ন মানসিকতা পরিত্যাগ করে। মালভূমি অঞ্চলের বাস্তবতার ওপর ভিত্তি করে, এক অনন্য ‘পশুপালন-সৌর পরিপূরক’ উন্নয়ন-পথ খুঁজে বের করে। এতে সমস্যা সুযোগে রূপান্তরিত হয়। স্থানীয় এলাকাগুলো নবগঠিত তৃণভূমি সম্পদের পূর্ণ ব্যবহার করে, পশুপালকদের বৈজ্ঞানিক ও পরিবেশবান্ধব পর্যায়ক্রমিক পশুচারণ পরিচালনায় নির্দেশনা দেয় এবং এক স্বতন্ত্র ‘ফটোভোলটাইক ভেড়া’ শিল্প গড়ে তোলে।এই উদ্ভাবনী কাঠামো একাধিক সুবিধা প্রদান করে। ফটোভোলটাইক শিল্পের জন্য ভেড়াগুলো স্বাভাবিকভাবে আগাছা খেয়ে উদ্যানে আগাছা পরিষ্কার করা এবং আগুন প্রতিরোধের মতো কাজগুলো দক্ষতার সঙ্গে সম্পন্ন করে। এটি উচ্চ শ্রম খরচ ছাড়াই ফটোভোলটাইক যন্ত্রপাতির স্থিতিশীল কার্যক্রম নিশ্চিত করে। গ্রামীণ পশুপালন এলাকায় প্যানেলের নিচের প্রাকৃতিক চারণভূমি গবাদি পশুর উচ্চমানের, বিনামূল্যে প্রাকৃতিক খাদ্য সরবরাহ করে। এটি কৃষকদের পশুপালনের খরচ ব্যাপকভাবে কমিয়ে দেয় ও স্থানীয়ভাবে তাদের আয় বাড়াতে সাহায্য করে। পাশাপাশি, ভেড়ার বিষ্ঠা জমিতে ফিরে আসে, যা ক্রমাগত মাটির গুণগত মান উন্নত করে, পরিবেশগত পুনরুদ্ধারের ফলাফলকে আরও সুসংহত করে এবং একটি সম্পূর্ণ বদ্ধ চক্র তৈরি করে।বর্তমানে তা লা সৈকত জনশূন্য মরুভূমির রূপ ঝেড়ে ফেলে পরিবেশ, শিল্প ও মানুষের জীবনযাত্রায় এক যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছে। ফটোভোলটাইক শিল্প উদ্যানটি এখন আর একটি স্রেফ শক্তি উৎপাদনকেন্দ্র নয়, বরং এটি একটি পরিবেশবান্ধব চারণভূমিতেও পরিণত হয়েছে, যা গ্রামীণ উন্নয়নকে চালিত করে ও পশুপালকদের সমৃদ্ধ করে। এই উদ্ভাবনী কাঠামো পার্শ্ববর্তী ১৮টি গ্রামে সম্মিলিত অর্থনীতির উন্নয়নে ছড়িয়ে পড়েছে ও তাকে চালিত করেছে।তা লা সৈকতের এই অসাধারণ রূপান্তরের মূলে রয়েছে সহাবস্থান ও পারস্পরিক লাভজনক সহযোগিতার প্রজ্ঞা। এটি এই প্রচলিত ধারণাটিকে ভেঙে দিয়েছে যে, ‘শিল্প উন্নয়ন অনিবার্যভাবে পরিবেশকে বলি দেয় ও নির্মাণকাজ অনিবার্যভাবে ঐতিহ্যবাহী শিল্পকে প্রতিস্থাপন করে’। এটি নতুন শক্তি উন্নয়নের জন্য স্থানীয় শিল্পকে পরিত্যাগ করেনি, কিংবা ঐতিহ্যবাহী উন্নয়ন মডেল আঁকড়ে ধরে সবুজ সুযোগও হাতছাড়া করেনি। এটি একটি স্বল্প খরচের, অনুকরণযোগ্য ও টেকসই স্থানীয় সমাধানের মাধ্যমে শক্তি উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং গ্রামীণ পুনরুজ্জীবনের মধ্যে নিখুঁত ভারসাম্য স্থাপন করেছে।ঊষর গোবি মরুভূমি থেকে শক্তির মরূদ্যানে, একক বিদ্যুৎ উৎপাদন থেকে কৃষি ও সৌরশক্তির মধ্যে এক মিথোজীবী সম্পর্কে, তা লা সৈকতের উদ্ভাবনী কার্যক্রম মানবতা ও প্রকৃতির মধ্যে সুরেলা সহাবস্থানের উন্নয়ন দর্শনকে সুস্পষ্টভাবে তুলে ধরে। চীনের গ্রামীণ সবুজ উন্নয়নের অভিজ্ঞতাটি সহজবোধ্য, বাস্তবসম্মত ও কার্যকর। এটি বিশ্বজুড়ে শুষ্ক ও মরু অঞ্চলে পরিবেশগত শাসন, শক্তির রূপান্তর ও মানুষের জীবন-জীবিকার উন্নয়নের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য একটি অত্যন্ত মূল্যবান নতুন সমাধান প্রদান করে।সূত্র: ছাই, আলিম, ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই