প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরজাগঞ্জে তিতুমীর-বরেন্দ্র এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ
মোঃ আবুল হাসেম, স্টাফ রিপোর্টার (নীলফামারী) ||
নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেললাইন অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশন চত্বরে আয়োজিত কর্মসূচিতে জোড়াবাড়ীসহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে আসা পাঁচ শতাধিক সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।অবরোধের কারণে চিলাহাটি থেকে খুলনাগামী ‘রকেট মেইল’ ট্রেন চিলাহাটি স্টেশনে আটকে থাকে। অপরদিকে খুলনা থেকে আসা ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেন ডোমার রেলস্টেশনে থামিয়ে রাখা হয়। সকাল ৬টা থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় এসব ট্রেনের শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।মানববন্ধনে স্থানীয় বাসিন্দা রহমত আলী, জামাল উদ্দিনসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, মিরজাগঞ্জ নীলফামারীর অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ রেলস্টেশন। এ স্টেশন দিয়ে ডোমারের কয়েকটি ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মানুষও নিয়মিত যাতায়াত করেন। অথচ গুরুত্বপূর্ণ এ স্টেশনে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেসের মতো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই।আন্দোলনকারীরা আরও বলেন, বর্তমানে যে এক-দুটি ট্রেন মিরজাগঞ্জ স্টেশনে থামে, সেগুলো ২ নম্বর লাইনে দাঁড় করানো হয়। ফলে নির্দিষ্ট উচ্চতার প্ল্যাটফর্ম না থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের নিচ থেকে কষ্ট করে ট্রেনে উঠতে হয়। এতে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।সমাবেশ থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ১ নম্বর লাইনে ট্রেন থামানো এবং তিতুমীর, রূপসা ও বরেন্দ্র এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার রুবেল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৬টা থেকে রূপসা এক্সপ্রেস ট্রেনটি ডোমারে আটকে রাখা হয়েছিল। স্থানীয়দের অবরোধ ও মানববন্ধনের কারণে প্রায় আড়াই ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই