প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
বরুড়ায় বিশেষ অভিযানে রাজনৈতিক নেতাসহ ২৩ কিশোর আটক
স্টাফ রিপোর্টার ||
কুমিল্লার বরুড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার এক বিশেষ অভিযান চালিয়ে ২৩ জন কিশোরকে আটক করেছে। আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৮ জন কিশোরকে মুচলেকা নিয়ে নিজ নিজ অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৫ জনকে বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে বরুড়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে ২ জনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— ৫নং ঝলম ইউনিয়নের বিলপুকুরিয়া এলাকার ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রাকিব হাসান (২৭) এবং একই এলাকার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াছ (৩৫)। তাছাড়া ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ শাহীন (গ্রাম: ধনিশ্বর) এবং সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ সোহেল মিয়াকে (৩০) (গ্রাম: খলারপাড়) গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মেহেদী হাসান টিটু (৩৪) (গ্রাম: ফলকামুড়ি, ৯নং দক্ষিণ শিলমুড়ি ইউপি) নামে অপর এক আসামীকে সোপর্দ করা হয়েছে আদালতের কাছে। বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হাসান জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই