প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
কটিয়াদীতে মাদকসহ ৪ কারবারি আটক
মো: ওয়াহিদ , কিশোরগঞ্জ প্রতিনিধি ||
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের সেকের পাড়া এলাকায় মাদকবিরোধী এক সাহসী অভিযান চালিয়ে ৪ জন মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় সচেতন গ্রামবাসী। পরে উদ্ধারকৃত ২ কেজি মাদক ও ব্যবহৃত প্রাইভেটকারসহ তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রাইভেট কার ব্যবহার করে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। বিষয়টি টের পেয়ে সেকের পাড়ার সচেতন এলাকাবাসী হযরত মিয়া চান্দ শাহ্ মাজার শরীফ সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ায়। বৃহস্পতিবার রাতে একটি সন্দেহভাজন প্রাইভেট কার দেখতে পেয়ে তারা গাড়িটি ঘিরে ফেলে। পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে দুই কেজি মাদকসহ ৪ কারবারিকে হাতেনাতে আটক করে গ্রামবাসী।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বাট্টা হাওড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাজিব। তিনি আটককৃতদের ও ব্যবহৃত প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে নেন।এদিকে খবর পেয়ে ঘটনার সময় এলাকায় উপস্থিত হন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল। তিনি সচেতন গ্রামবাসীর এমন সাহসী উদ্যোগের তীব্র প্রশংসা করেন এবং সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দেন।এ সময় আরও উপস্থিত ছিলেন চান্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মানিকখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ইমাম হোসেন দুলাল, চান্দপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল আওয়াল, মো. মিজানুর রহমান মিজানসহ চান্দপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় মাদকের কোনো স্থান নেই। মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে এ ধরনের সামাজিক প্রতিরোধ প্রশংসনীয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই