প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
আত্রাইয়ে পুলিশ বক্সের উদ্বোধন
তরিকুল ইসলাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ||
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে চলাচলের জন্য নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই-নাটোর জিরো পয়েন্টে নতুন একটি পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।রোববার (৪ অক্টোবর) পুলিশ বক্সটির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।উদ্বোধন শেষে এমপি শেখ রেজাউল ইসলাম রেজু বলেন, নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের কিছু অংশ তুলনামূলক নির্জন হওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। মানুষের নির্বিঘ্ন চলাচল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে এ পুলিশ বক্স স্থাপন করা হয়েছে।তিনি বলেন, পুলিশ বক্সটিতে নিয়মিত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে সড়কে চলাচলকারী মানুষ প্রয়োজনের সময় পুলিশের সহায়তা পাবেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা যায়।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কটি আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এ সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। বিশেষ করে রাতের বেলায় সড়কের নির্জন অংশে নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ থাকে। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ বক্স স্থাপনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।পুলিশ বক্সটি চালু হওয়ার ফলে সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জরুরি প্রয়োজনে সাধারণ মানুষকে দ্রুত পুলিশি সহায়তা দেওয়ার সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, যুবদলের সিনিয়র আহ্বায়ক মোঃ খোরশেদ আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই