
মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
আগামী ১৬ মে ২০২৬ (শনিবার) মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পত্রে এ সফরসূচি প্রকাশ করা হয়।
চূড়ান্ত সফরসূচিতে হাজীগঞ্জ উপজেলার পূর্বনির্ধারিত জনসভা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে নতুন করে একটি পথসভা সংযুক্ত করা হয়েছে। সফরকে কেন্দ্র করে চাঁদপুর ও কুমিল্লাজুড়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল সাড়ে ১১টায় তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখবেন।
দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তির খোদ্দ খাল খনন কাজের উদ্বোধন করবেন। পরে দুপুর পৌনে ২টায় চাঁদপুরে বিশ্বখাল খনন কাজের উদ্বোধন করবেন।
এছাড়া বেলা সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শাহরাস্তিসহ জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, সফর সফল করতে সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন।
মুক্তির লড়াই ডেস্ক : 












