সুন্দরবন ও বঙ্গোপসাগরে ফের জলদস্যুর আতঙ্কের ঘটনায় পাথরঘাটায় মৎস্যজীবীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত কয়েকদিন ধরে সাগর ও নদীতে জেলে বহরে হামলা, লুটপাট, অপহরণ এবং গুলিবর্ষণের একাধিক ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে জলদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ পাথরঘাটায় মানববন্ধন করেছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, বিএফডিসি মৎস্য আড়ৎদার সমিতি, বিএফডিসি মৎস্য পাইকার সমিতি, বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন এবং বিএফডিসি মৎস্য বাজার ঘাট শ্রমিক ইউনিয়নসহ কয়েক হাজার মৎস্যজীবী।[TECHTARANGA-POST:3224]বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাথরঘাটা পৌর শহরের গোলচত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।জেলেদের অভিযোগ অনুসারে, ‘বড় জাহাঙ্গীর’ ও ‘ছোট জাহাঙ্গীর’ নামক দুই জলদস্যু চক্র সম্প্রতি সুন্দরবন ও বঙ্গোপসাগরে পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে ট্রলার ডাকাতি, অপহরণ ও মুক্তিপণ আদায়ের একাধিক অভিযোগ রয়েছে।